চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় সাগর থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, একটি পরিত্যক্ত শিপইয়ার্ডের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন কয়েকজন, এতে অন্তত ৪-৫ জন আহত হন।
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ গড়ে তোলে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি পরিত্যক্ত জাহাজ ভাঙা কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন চলছে। এ কার্যক্রমে একটি প্রভাবশালী মহল জড়িত থাকলেও সাধারণ মানুষ এর বিরোধিতা করে আসছিল।
সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে আমাদের এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়, তাই বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে।”
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পড়ুন- নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী
দেখুন- জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সাথে কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী


