মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, তেহরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং নিজস্ব ‘লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। খুব শিগগিরই ওয়াশিংটন ও তেল আবিবের জন্য এক ‘বিরাট চমক’ অপেক্ষা করছে বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ‘লক্ষ্যবস্তুর তালিকাটি ত্রুটিপূর্ণ’। তিনি সেতুগুলোতে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের হুমকিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়াসহ তাদের সামরিক অভিযানের ব্যর্থতা ঢাকতেই তারা এই ধরনের হুমকি দিচ্ছে।
নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেন, আমেরিকা এবং ইসরায়েলের জন্য আমাদের কাছে একটি বড় চমক রয়েছে। এর জন্য মাত্র কিছু সময়ের প্রয়োজন। দক্ষিণ ইরানে তাদের আচরণও ঘটনার সময়ক্রমকে আমাদের অনুকূলে নিয়ে আসতে পারে।


