২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১/২৬ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রণোদনা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি মৌসুমে গাংনী উপজেলায় মোট ১২০০ জন পাট চাষির মাঝে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৫০ জন তিল চাষির মাঝে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া মুগ ডাল চাষিদের জন্য নির্ধারিত পরিমাণে মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমান বলেন, সরকারি এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং অধিক ফলন নিশ্চিত হবে। এতে কৃষকদের আগ্রহ বাড়বে এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সরকার কৃষকদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন:রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ৬ ইউনিয়ন কৃষকদলের কমিটি থেকে পদত্যাগ
দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি?
ইমি/


