শিশুদেব হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে ময়মনসিংহে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চুরখাই ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উদ্বোধনী কমসূচিতে সদর স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. সৈয়দ আবু আহমেদ শাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাজাহান কবির, মহানগর বিএনপির যুগ্য আহ্বায়ক সৈয়দ শরিফুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব খন্দকার মাওলানা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে ও অনেকেই মারা যাচ্ছে গণমাধ্যমে এমন খবর দেখে এবং আজ টিকা দেওয়া হবে মাইকিং শুনে বাচ্চাদের টিকা দিতে নিয়ে এসেছি।
জেলার সদর ত্রিশাল এবং ফুলপুর উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৫০০ টিকার লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. সৈয়দ আবু আহমেদ শাফি। কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সের শিশুদের মধ্যে টিকাদান কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ক্যাম্পেইন উদ্বোধন শেষে সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরদু দিয়ে হাম প্রতিরোধ করার জন্যে তড়িৎ গতিতে এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছেন। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরস্তুপূর্ণ অগ্রগতি সাধিত হবে। কার্যক্রম সম্পন্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানান তিনি
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ১৯ নতুন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ৬৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে।
পড়ুন : ময়মনসিংহ প্রেসক্লাবে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


