বিজ্ঞাপন

সামনে এলেন ‘দম’-এর আসল নূর, জানালেন রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা

ঈদে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। মো. নূর ইসলামের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ৪ এপ্রিল বিকেলে নূর ইসলাম ও তাঁর স্ত্রীকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই সিনেমার কলাকুশলীরা। সেখানে নূর ইসলাম জানিয়েছেন তাঁর জীবনের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা। ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত হয়ে অলৌকিকভাবে বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘দম’।

নূর ইসলাম সিনেমাটিকে আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করেন এবং একই সঙ্গে তিনি আফরান নিশোর অভিনয়কে ‘আউটস্ট্যান্ডিং’ বলে অভিহিত করেন। সঙ্গে এদিন তিনি জানিয়েছেন তাঁর অপহরণ সময়ের কিছু পরিস্থিতি ও অনুভূতির কথা।

নূর ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্মাতা রেদওয়ান রনি এবং প্রযোজক শাহরিয়ার শাকিলের প্রতি, যাঁদের কারণে ১৮ বছর পর তাঁর জীবনের এই জয়ের গল্প সাধারণ মানুষের সামনে এসেছে। তিনি জানান, ভূরাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কিছু বিষয়ের ভিত্তিহীন অভিযোগ এনে তাঁকে অপহরণ করা হয় এবং একপর্যায়ে নেওয়া হয় হত্যার সিদ্ধান্ত।

৪ এপ্রিল বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর ইসলামের স্ত্রী আনোয়ারা পারভীন (রানি)। তাঁর স্বামী বেঁচে আছেন এটা বিশ্বাস করা এবং বাংলাদেশে স্বামীকে ফিরিয়ে আনার লড়াইটা করেছেন তিনি। ঘুরেছেন সংবাদমাধ্যম ও সরকারি অফিসে অফিসে। সবাই একসময় হাল ছেড়ে দিলেও হাল ছাড়েননি আনোয়ারা পারভীন। তিনি বলেন, ‘আমার মনে হতো সে বেঁচে আছে। আমার বিশ্বাস ছিল সে যদি মারা যায়, আমি টের পাব। অনেকেই মনে করত আমি পাগল হয়ে গেছি, বেশি বেশি করছি, কিন্তু আমার কেমন লাগত সেটা আমি বোঝাতে পারব না। সবাই তো ধরেই নিয়েছিল সে আর ফিরবে না। কিন্তু সাংবাদিকেরা আমাকে অনেক সাহায্য করেছেন। সে যে বেঁচে আছে, সেটা আরও দৃঢ় হয় সাংবাদিকদের দেওয়া তথ্যে। ওই সময় আমি কত বিভিন্ন অফিসে গিয়েছি, তাঁরা বিরক্ত হয়েছেন, কিন্তু আমার আর কিছু করার ছিল না।’

‘দম’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল দর্শকদের এবং সিনেমা সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এমন অদম্য সাহসিকতার একটি গল্প, বাংলাদেশের গল্প যেন সবাই দেখতে পারে, সে জন্য সারা দেশেই সিনেমাটা পরিবেশিত হবে বলে নিশ্চিত করেন তিনি। জানান, ২৪ এপ্রিল থেকে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পাবে ‘দম’।
নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

বিজ্ঞাপন

পড়ুন : বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নেই পূজার: নিশো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন