ক্ষমতাসীন দলের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই কারচুপি, অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরে তিনি এ অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন কেন্দ্রে জামায়াত প্রার্থীদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। এরপর সেখানে জাল ভোট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ভোটগ্রহণ শুরুর আগেই কিছু কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে, যা নির্বাচনী অনিয়মের গুরুতর দৃষ্টান্ত।
শ্রীবরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এর প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
এ সময় গুরুতর অনিয়মের অভিযোগ ওঠা কেন্দ্রগুলোতে ভোট স্থগিত এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান তিনি।


