চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের শহীদ মিনার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী (জাবিন চৌধুরী) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বেপরোয়া গতির একটি লরি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। নিহত জাবিন চৌধুরী মধ্যম ঘোড়ামরা এলাকার বাসিন্দা এবং রোজ গার্ডেন একাডেমি স্কুলের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে আঘাত করে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর কোনো প্রতিকার দেখা যাচ্ছে না।
নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত অভিযুক্ত চালককে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সীতাকুণ্ডের ব্যস্ততম সড়কগুলোতে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পড়ুন : টানা বৃষ্টিতে মৌলভীবাজারের হাওর ডুবে তলিয়ে যাচ্ছে বোরো ধান


