জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ এস এম হাবিবুল্লাহ শনিবার ভোর সাড়ে পাঁচটায় ময়মনসিংহ শহরের সানকিপাড়া আব্দুল্লাহ ভিলায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এ এস এম হাবিবুউল্লাহ ১৯৩৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক, ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। শনিবার বাদ এশা ময়মনসিংহ সানকিপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মসজিদে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন, সহকর্মী ও রেখে গেছেন।
তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, নাগরিক টিভির সিনিয়র নিউজ এডিটর সাখাওয়াত হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ এস এম হাবিবুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পড়ুন : সারদার পাঠ চুকিয়ে এবার নেত্রকোনায় মাঠ পর্যায়ের প্রশিক্ষণে এএসপি মায়িশা


