লেবাননে দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি অনিশ্চিত হলেও ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। যদিও তেহরানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত।
তবে এরইমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ইসলামাবাদে দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার গভীর রাতে ইসলামাবাদ জেলা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবারের এই ছুটি শুধু রাজধানীর জন্য প্রযোজ্য। এ সময় জরুরি সেবাগুলো চালু থাকবে।
শহরটিতে শুক্র অথবা শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। তবে ইসলামাবাদ কর্তৃপক্ষের ছুটির নোটিশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা হবে। ইসরাইলের বোমা হামলা দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে দিতে পারে— এমন আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইসলামাবাদ উচ্চ পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি গ্রহণ করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আলোচনায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ও কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য অব্যাহতসহ বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে আসবে।
ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিনিধিদলের আয়োজক প্রধান বিলাসবহুল হোটেলটি থেকে স্বাভাবিক বিত্তশালী অতিথিদের সরিয়ে দিয়েছে।
ইরান ইঙ্গিত দিয়েছে যে, লেবাননের ওপর ইসরাইলি হামলা বন্ধের ওপর তাদের অংশগ্রহণ নির্ভর করতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধ সমাপ্তের আলোচনা নির্ভর করছে যুক্তরাষ্ট্র সব ক্ষেত্রে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলার ওপর, বিশেষ করে লেবাননে।
তিনি আরও বলেন, ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত হলে প্রতিনিধি দলের গঠনও ঘোষণা করা হবে।
তবে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তান বলেছে, যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে। যুক্তরাষ্ট্রও বৈরুতকে সমান্তরাল আলোচনায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, ইসরাইল ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আগামী সপ্তাহে বৈঠক হবে।
ইসরাইল বা লেবানন সরকার এখনও প্রকাশ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রীদের লেবাননের সঙ্গে সরাসরি সংলাপ শুরু করার নির্দেশ দেন।
লেবাননের একজন কর্মকর্তা এএফপি-কে জানান, ইসরাইলের সঙ্গে আলোচনায় বসার আগে যুদ্ধবিরতি প্রয়োজন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

