বিজ্ঞাপন

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাতকে স্পিকার

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘সংসদ কোনো আন্দোলনের ময়দান নয়। এখানে নিয়ম মেনে কথা বলতে হবে। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।’

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ পাসের সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিলের সংশোধনী নিয়ে বিরোধী দলের আপত্তির মুখে একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন হাসনাত আবদুল্লাহ। তখন স্পিকার তাকে থামিয়ে দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আবদুল্লাহ। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর এখানে মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। নোটিশ দেবেন, আমরা সেই নোটিশের ওপর সিদ্ধান্ত দেব।’

বর্তমান সংসদের পরিবেশকে ‘বিরল’ উল্লেখ করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যরা, এই সংসদে ৯০টি বিল পাস করা হয়েছে, একটি মাত্র বাকি। সরকারি ও বিরোধী দলের মধ্যে যে চমৎকার সমঝোতা দেখা যাচ্ছে, তা সংসদীয় ইতিহাসে বিরল।’

অতীতের সংসদগুলোর তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘অতীতের সংসদগুলোতে কী ধরনের অশ্লীল বাক্যবিনিময় হতো, তা পুরোনো সদস্যদের কাছে জানলে বুঝবেন। সেই তুলনায় এই সংসদের শুরুটা অনেক ভালো হয়েছে।’

বিরোধী দলের আপত্তির পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, তা পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন, সরকার নিশ্চয়ই তা বিবেচনা করবে। আমরা এই সহযোগিতার মনোভাব (স্পিরিট অব কো-অপারেশন) নিয়ে সামনে এগোতে চাই।’

সংসদে বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে স্পিকার আরও বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভিন্নতা। স্পিকার হিসেবে আমি আপনাদের নিশ্চিত করতে পারি, বিরোধী দল যেন তাদের ন্যায্য অধিকার পায়, তা দেখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

ত্রয়োদশ সংসদের বৈধতা ও জনম্যান্ডেটের কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘একটি বড় গণ-অভ্যুত্থানের পর এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এই সংসদে ৭৭-৭৮ জনের এক বিশাল বিরোধী দল আছে, যা সচরাচর দেখা যায় না। আসুন, আমরা আমাদের সব মতানৈক্য কমিয়ে এনে একসঙ্গে কাজ করি।’

সংসদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে উল্লেখ করে সবাইকে সংসদীয় রীতি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সংসদ অধিবেশন ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন