যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানকে ঘিরে নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই অবরোধ শুরু হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, প্রেসিডেন্টের ঘোষণার আলোকে নির্ধারিত সময় থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ কার্যকর করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। এর আওতায় আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দর এবং উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।
তবে সেন্টকম স্পষ্ট করেছে, হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াত করবে, তাদের নৌ চলাচলের স্বাধীনতায় কোনো বাধা দেওয়া হবে না।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া সব জাহাজের ওপর অবরোধ কার্যক্রম শুরু করবে।
পোস্টে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে এমন সময় আসবে যখন সব জাহাজ অবাধে চলাচল করতে পারবে; তবে ইরানের অনমনীয় অবস্থানের কারণে এখনই তা সম্ভব নয়। তিনি আরও জানান, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল বা মাশুল প্রদানকারী জাহাজগুলোকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যারা ইরানকে ‘অবৈধ টোল’ প্রদান করবে, মুক্ত সমুদ্রে তাদের নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না।
পড়ুন: গরমের দাপট চলবে ১৩ দিন, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে


