জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আজ (সোমবার) আসন্ন লিগের দলবদলের সময় ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার এবং রোববার ঢাকা লিগের দলবদল অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ঘোষণা করেছে যে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলোয়াড়বদল আগামী ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে উভয়দিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই দলবদল।
দেশের শীর্ষ এই লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২টি দল হলো– আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।
এর আগে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবির কমিটি নিয়ে অসন্তোষ ছিল ঢাকার বেশিরভাগ ক্লাবের। সে কারণে সংগঠকদের বড় একটি অংশ নির্বাচন বর্জন এবং ঘরোয়া ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। ফলে অনিশ্চয়তায় পড়ে ঢাকা লিগসহ বেশ কয়েকটি ঘরোয়া প্রতিযোগিতা। সম্প্রতি বুলবুলের কমিটি বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। একইসঙ্গে সংস্থাটি তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে সচল হচ্ছে এতদিন আটকে থাকা ঘরোয়া লিগগুলো।
পড়ুন : ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে


