যশোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দীন(২৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বেনিয়ালি এলাকার ব্র্যাক অফিসের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দীন বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে এবং তিনি বিজিবির সদস্য ছিলেন। আহত কামরুল ইসলাম নান্টু (২৯) একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন ও কামরুল ইসলাম নান্টু মোটরসাইকেল যোগে শার্শা উপজেলার জামতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বেনিয়ালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মহিউদ্দীন মারা যান। অপর আহত কামরুল ইসলাম নান্টু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পিকআপটি শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩


