অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
পহেলা বৈশাখ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা শহরের প্রধান সড়কগুলোতে বের করা হয় একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শহরের আফতাব উদ্দিন কলেজ মাঠে বসে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকমেলা। মেলায় মাটির তৈরি খেলনা, কুটিরশিল্প ও দেশীয় খাবারের সমারোহ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা নববর্ষের গান ও লোকজ ধারার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
শোভাযাত্রা ও মেলায় আগতরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছর সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এটাই তাদের প্রত্যাশা।
পড়ুন- দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
দেখুন- কৃষি কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী


