দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা খাওয়ার মধ্য দিয়ে নববর্ষ পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠ থেকে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ফুটিয়ে তুলতে নানা রঙের সাজসজ্জা এবং গ্রামীণ অনুষঙ্গ প্রদর্শন করা হয়। নতুনের আহ্বানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সরব উপস্থিতি দেখা যায়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এতে অংশগ্রহণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক।
এছাড়াও রাজনৈতিক নেতাকর্মী, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উৎসবপ্রিয় মানুষ।
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি। বাহারি রঙের পোশাক পরিধান করে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের আয়োজনে একাডেমি স্কুল মাঠে পান্তা ভাত খাওয়ার আয়োজন করা হয়।


