মাধবদী ও নরসিংদী পৌরসভার বর্জ্যে পরিবেশ দূষণ হচ্ছে এমন অভিযোগে মাধবদী থানা মার্কাজ মসজিদ ও এর আশপাশের এলাকাকে পরিবেশ দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে মাধবদী থানার সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় প্রায় দুই ঘণ্টা বিক্ষুব্ধ জনতা বিলপাড় নরসিংদী-মদনগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। পরে স্থানীয় প্রশাসনের লোকজন এসে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পবিত্র মার্কাজ মসজিদ এলাকায় পরিবেশ দূষণের কারণে মুসল্লিদের ইবাদত-বন্দেগিসহ সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এর পবিত্রতা রক্ষা এবং জনস্বাস্থ্য বিবেচনায় এলাকাটিকে দ্রুত দূষণমুক্ত করা জরুরি।
এ সময় তারা আরও জানান, মাধবদীর অন্তর্গত মইষাশুড়া ইউনিয়নের বিলপাড় এলাকায় রেলওয়ের জমি দখল করতে নরসিংদী শহরের বর্জ্য এনে বিলপাড় গ্রামে ফেলা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এই বিষাক্ত ময়লার দুর্গন্ধ ও পোকামাকড়-মাছির কারণে গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। এ ছাড়া সম্প্রতি মাধবদী পৌরসভার ময়লা ফেলার কারণে সড়ক পিচ্ছিল হয়ে সড়ক দুর্ঘটনায় মার্কাজ মসজিদের দুই মুসল্লির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয়রা ময়লা অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। ৯৯৯ জরুরি সেবা নম্বরে খবর পেয়ে প্রথমে ফোর্স পাঠানো হয়। কিন্তু তারা সড়ক অবরোধ থেকে সরে না যাওয়ায় বিষয়টি পৌর প্রশাসককে জানানো হয়। পরে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের সঙ্গে কথা বলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধান করবেন-এমন আশ্বাস দিলে তারা অবরোধ থেকে সরে যান।
এ বিষয়ে মাধবদী পৌরসভার প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
পড়ুন- ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে


