অনলাইনসহ নানা ধরনের জুয়ায় আসক্ত হয়ে খুইয়েছিলেন জীবনের সব সঞ্চয়। হারিয়েছিলেন পারিবারিক সুখ ও সামাজিক মর্যাদা। অবশেষে নিঃস্ব হয়ে বুঝতে পারলেন নিজের ভুল। আর তাই অন্ধকার জগৎ থেকে আলোয় ফিরতে বেছে নিলেন আত্মশুদ্ধির এক অভিনব পথ। প্রকাশ্য দিবালোকে ২০ লিটার দুধে গোসল করে চিরতরে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাহিদুল ইসলাম নামের এক যুবক।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, জাহিদুল দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন জুয়ার নেশায় মত্ত ছিলেন। এতে ধীরে ধীরে তিনি তার সবকিছু হারাতে বসেন। একপর্যায়ে নিজের ভুলের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে জুয়ার পথ থেকে ফিরে আসার দৃঢ় সিদ্ধান্ত নেন। অতীত ভুল থেকে পরিশুদ্ধ হওয়ার প্রতীকী বার্তা দিতেই তিনি দুধে গোসল করার এই অভিনব পন্থা বেছে নেন।
দুধে গোসলের পর উপস্থিত জনতার সামনে জাহিদুল প্রকাশ্যে অঙ্গীকার করে বলেন, জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ থেকে আমি নতুনভাবে শুরু করতে চাই এবং সৎ পথে চলতে চাই। জীবনে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াব না।
আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম সামসুল আরেফিন চৌধুরী (আবু) বলেন, বর্তমানে সহজলভ্য ইন্টারনেট ও স্মার্টফোনের কারণে অনলাইন জুয়া যুবসমাজের জন্য ‘মরণনেশা’ হয়ে দাঁড়িয়েছে। অনেক তরুণ এতে জড়িয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবন ধ্বংস করছে। জাহিদুলের এই ঘটনা জুয়ায় আসক্ত অন্য তরুণদের জন্য একটি সতর্কবার্তা ও শিক্ষণীয় দৃষ্টান্ত হতে পারে।
ভবিষ্যতে যুবসমাজ যেন এ ধরনের ক্ষতিকর পথে পা না বাড়ায়, সে জন্য প্রশাসনকে জুয়াবিরোধী কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান জানায়, পুলিশের মূল লক্ষ্যই হলো অপরাধমুক্ত সমাজ গড়া এবং জনগণকে ভালো রাখা। কোনো অপরাধী যদি নিজের ভুল বুঝতে পেরে সুপথে ফিরে আসতে চায়, তবে তাকে সবসময়ই স্বাগত জানানো হয়।
তিনি আরও বলেন, অতীতেও যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছে, তাদের সরকারিভাবে ভ্যান বা রিকশা দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়েছে। জাহিদুলের মতো যারা সুস্থ জীবনে ফিরতে চায়, রাষ্ট্র ও পুলিশ তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
পড়ুন- আগামী ২ মাসেও দেশে তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়


