ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে হাসান শেখ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিস ও ডুবুরী দল।
নিখোঁজ হাসান শেখ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের খইরখোলা গ্রামের বাসিন্দা এবং তিনি শাহাবুদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামেন হাসান। এ সময় নদীর গভীর পানি ও প্রবল স্রোতের কবলে পড়ে তিনি তলিয়ে যেতে থাকেন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের তীব্রতার কারণে তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি এবং অল্প সময়ের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা ট্রলার ও নৌকা নিয়ে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে অবহিত করেন। বর্তমানে পুলিশ ও দোহার ফায়ার সার্ভিস ও ডুবুরী দল ঘটনাস্থল ও নদীর দুপাশ ধরে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রতিবেশীরা জানান, ওই এলাকায় পদ্মা নদীর পানি অত্যন্ত গভীর এবং স্রোত বেশ তীব্র থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে।
নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তামিম হাওলাদার জানান “আমরা উদ্ধারকারী দল পাঠিয়েছি এবং নদী এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছি।” ২৪ ঘন্টা পার হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ হাসান শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরীদল সাধ্যমত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিখোঁজের স্বজনরাও ট্রলার নিয়ে সার্বক্ষণিক নদীতে সন্ধান করছেন। আশা করি দ্রুতই উদ্ধার করতে সক্ষম হবো।
পড়ুন- ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার
দেখুন- যু/দ্ধবিরতি প্রত্যাখ্যান করে পূর্ণমাত্রায় হা/ম/লার ঘোষণা পুতিনের!


