যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মৃত বাবুল নড়াইল সদর উপজেলার ভোয়াখালী গ্রামের লাল মিয়ার ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৯২৪৫/এ।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কারাগারে হঠাৎ বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এসময় কারাগারের দায়িত্বরত কারারক্ষীরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

