আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যশোর বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। এসব পরীক্ষার্থীদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১৪৪ জন পরীক্ষার্থী অতিরিক্ত ৪৫ মিনিট সময় ও শ্রুতিলেখক পাবে।
এরমধ্যে ১২২ জন শুধু অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবে। আর ২২ জন শ্রুতিলেখকসহ অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবে।
বিষয়টি নিশ্চিত করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
তিনি বলেন, প্রতিটি বিষয়ের পরীক্ষা সম্পন্নের জন্য নির্ধারিত সময় তিন ঘণ্টা। তিন ঘণ্টার পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অতিরিক্ত ৪৫ মিনিট সময় দেওয়ার আইন আছে। সাধারণ শিক্ষার্থীদের তুলনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১৫ মিনিট পাবে। যেসব শিক্ষার্থীরা শারিরীকভাবে অক্ষম অর্থাৎ যারা লিখতে পারে না তারা শ্রুতিলেখকও পাবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

