নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় প্রবাসফেরত এক নারীসহ দুইজন আহতের ঘটনা ঘটেছে। কিন্তু ডাকাতির শিকার নারীর মামলা নিতে অনীহা প্রকাশের অভিযোগ উঠেছে রূপগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বক্তব্য দিতেও রাজি হননি।
বুধবার ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এক ডাকাতির ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি এলাকার হিমু আক্তার জানান, সৌদি আরব থেকে দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন তারা। নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ৫ জনের একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা লুট করে নেয়।
এসময় বাধা দিলে হিমু আক্তার ও তার ভাই মাহিনকে পিটিয়ে আহত করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
তবে ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ আইনি ব্যবস্থা নিতে গড়িমসি করছে।
এ বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং কোনো বক্তব্য দিতেও রাজি হননি।
অন্যদিকে, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন- দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা


