সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় এক কৃষকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় এক অজ্ঞাত যাত্রী ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে তার কাছে পাওয়া একটি মুঠোফোনের সূত্র ধরে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সেলিম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি বৃষ্টির মধ্যে দ্রুত তিনটি গরু নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় একটি গরুও মারা যায়।
নিহত সেলিম ওই এলাকার মৃত গোলবার আলীর ছেলে।
এই বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

