মেহেরপুরের গাংনী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের তরমুজ ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজার পাড়া এলাকার মসজিদ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক বরকত হোসেন, তিনি একই গ্রামের মৃত ফজল বিশ্বাসের ছেলে।
কৃষক বরকত হোসেন জানান, অন্যের জমি বন্ধক নিয়ে দেড় বিঘা জমিতে প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে তরমুজ চাষ করেছিলেন। আর মাত্র কয়েকদিন পরেই ফলগুলো বাজারজাত করার কথা ছিল। কিন্তু এর আগেই দুর্বৃত্তরা তার পুরো ক্ষেত নষ্ট করে দেয়।
তিনি আরও জানান, কয়েকদিন আগে তার চাচা সাহারবাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুকুল হোসেনকে প্রতিপক্ষের লোকজন গুলি করে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার পর থেকেই প্রতিপক্ষরা তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন তিনি। তারই জেরে এই ক্ষতির ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন বরকত হোসেন।
এ ঘটনায় তার প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এই কৃষক।
স্থানীয় বাসিন্দারা জানান, বরকত হোসেন অনেক কষ্ট ও পরিশ্রম করে তরমুজের আবাদ করেছিলেন। ব্যক্তিগত শত্রুতার জেরে ফসলের ক্ষতি করা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবেন নারী : প্রধানমন্ত্রী
দেখুন- ‘জিয়াউর রহমানের সাথে খাল কাটার স্মৃতি জানালেন তারেক রহমানকে’


