হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে। একইসঙ্গে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহের আভিযানিক কার্যক্রম নিয়ে মিডিয়া ব্রিফিংও অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় চুনারুঘাট উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে এই মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৫৫ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদকের নেতৃত্বে জাসপোস আধুনিক চক্ষু হাসপাতাল, হবিগঞ্জের মেডিক্যাল টিম স্থানীয়দের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা, চশমা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। এ কার্যক্রমে প্রায় ২০০ জন সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি স্বল্পমূল্যে ছানি অপারেশনের জন্য লায়নস ক্লাব ও জাসপোস আধুনিক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে দ্রুত চিকিৎসা টোকেন প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এসময় মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বাংলাদেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ১,২০৪ কিলোমিটার। এই সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে বিজিবি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিয়মিত টহল ও বিশেষ অভিযানে ৭৬ জন আসামিসহ মোট ২৫৮ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ২২৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাই মালামাল জব্দ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে পিস্তল, কার্তুজ, গ্রেনেড, ম্যাগাজিনসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯,৫৯৩ ঘনফুট পাথর এবং ১,৪৬,৪৮০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও বলেন, আসন্ন কোরবানির ঈদে অবৈধভাবে গবাদি পশুর চামড়া পার্শ্ববর্তী দেশে পাচারের আশঙ্কা রয়েছে। এজন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
শেষে তিনি সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অস্ত্র পাচার রোধ এবং দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকার কথা জানিয়ে মিডিয়া ব্রিফিং শেষ করেন।
পড়ুন : হবিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির তিন দিনব্যাপী ডিজিটাল ও রিটেইল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু


