চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি খাদে পড়ে যায়।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে থাকা সবাই যাত্রী ছিলেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কালো রঙের মাইক্রোবাসটি খাদে কাত হয়ে পড়ে আছে। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং সামনের কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে জাঙ্গালিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে সাম্প্রতিক সময়ে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের সতর্কতা বাড়ানো জরুরি।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু ছিলেন। একই সময়ে মোট নিহতের ৩৮ দশমিক ৩৪ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান।
পড়ুন- ‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র’


