জামালপুরে চাঁদা না পেয়ে এক শ্রমিকের বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী শামীম ও তার বাবা রুস্তম আলী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকার নাজমুল হোসেন জনি ও সুমন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। বিষয়টি স্থানীয় এক নেতাকে অবগত করলে তারা আরও ক্ষেপে যান। এরপর স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে জনি ও সুমন জোরপূর্বক তাদের বসতবাড়ি দখল করে। বাড়ি দখল করার পর পরিবারের সদস্যদের মারধরসহ ভয়ভীতি প্রদর্শন করেন। এ নিয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও জনি ও সুমন প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছেন। প্রাণের ভয়ে ভুক্তভোগী পরিবারটি তিনদিন যাবত পালিয়ে বেড়াচ্ছেন।
দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজ নাজমুল হাসান জনি ও সুমনকে গ্রেপ্তারের দাবী জানান ভুক্তভোগীরা।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত নাজমুল হোসান জনি জানান, এটি জমি সংক্রান্ত বিষয়। এখানে চাঁদা যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
পড়ুন- ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় যেতে পারে: ইইউ নির্বাচন মিশন


