চিকিৎসা শেষে বাড়ি ফেরার কথা ছিল ছোট্ট সাদিয়ার। কিন্তু আর ফেরা হলো না। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবনসহ আরও দুইজনের প্রাণ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাট এলাকার বাঁশেরতল সড়কে মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন—শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী, শামীমের মেয়ে সাদিয়া এবং মাইক্রোবাস চালক লিমন।
স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, নুরনবী ও সাদিয়া সম্পর্কে চাচা-ভাতিজি। তারা চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ জানায়, ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ওই সড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পড়ুন: হঠাৎ বজ্রপাতে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, মাটিতে লুটিয়ে পড়েন বাবা
আর/


