সোশ্যাল মিডিয়া ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকা থেকে আটক করা হয় তাকে।
বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার এসআই রাজিবুল ইসলাম। তিনি বলেন, আমিনুর শাহকে আজ আদালতে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুর শাহ শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের চান মিয়া বয়াতির ছেলে। সে গত রোববার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননামূলক একটি পোস্ট করেন। যা অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তা সাধারণ মানুষের দৃষ্টিগোচর হলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে তার শাস্তির দাবিও ওঠে।
এ অবস্থায় ক্ষুব্ধ জনতা সোমবার রাতে আমিনুর শাহর বাড়ি ঘেরাও করলে তখন প্রকাশ্যে ক্ষমা চান তিনি। তবে পরদিন মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এলাকাবাসী বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে জানালে হেফাজতে নেয়া হয় তাকে।
এদিকে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আমিনুর শাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (বা সংশ্লিষ্ট ধারায়) মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ থানায় মামলাটি করেন স্থানীয় গ্রাম-পুলিশ মো. আলাউদ্দিন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

