নোয়াখালীতে একটি বেসরকারি হসপিটালে ভুল চিকিৎসায় ইমাম হোসেন বাবু নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠেছে।
সোমবার রাতে জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটাল লিমিটেডে এই ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন বাবু সেনবাগ উপজেলার খাজুরিয়া ইউনিয়নের কেশারপাড় গ্রামের বেলাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা বলেন- বিকেলে ইমাম হোসেন বাবুর শরীর ঘেমে গিয়ে শরীরে ব্যাথা শুরু করলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক কোন চিকিৎসা না দিয়ে মাইজদী প্রাইম হসপিটালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে সন্ধ্যায় তাকে প্রাইম হসপিটালে ডাক্তার গিয়াস উদ্দিনের কাছে নিয়ে আসলে তিনি রোগীকে হসপিটালে ভর্তি দেন। তাকে হসপিটালে ভর্তি করার পর কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কর্তব্যরত নার্স বাবুকে একটি ইনজেকশন প্রয়োগের পরপরই তার অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।
স্বজনদের অভিযোগ, ঘটনার পর তারা প্রতিবাদ জানালে তাদের ৭ থেকে ৮ জন স্বজনকে পুলিশ আটক করে। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে হসপিটালের র্যাব ও সেনাবাহিনী অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, রোগী মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে হসপিটাল কর্তৃপক্ষ বলছে- রোগীর অবস্থা গুরুতর ছিল। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তারপরও রোগীর মৃত্যু হয়।
প্রাইম হাসপিটালে রোগী মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
পড়ুন: মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, আরও ৩ জেলায় বন্যার আশঙ্কা
আর/


