প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের সহায়তা দেওয়া হবে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
কলিম উদ্দিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টানা ভারী বৃষ্টির ফলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন। তিনি কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।
উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “আমি কলিম উদ্দিনকে ধন্যবাদ জানাই। গত তিন দিন আগে আবহাওয়া রিপোর্টের ভিত্তিতে আমি সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম যে, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।”
হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা ও ক্ষতিকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আজ সকালে সংসদ অধিবেশন শুরুর আগেই আমি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি এবং তাকে নির্দেশনা দিয়েছি। এই তিনটি জেলা ও ময়মনসিংহের কিছু অঞ্চল প্রবল বর্ষণে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে বের করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে।”
পড়ুন: মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, আরও ৩ জেলায় বন্যার আশঙ্কা
আর/


