জুলাই বিপ্লবে সংগঠিত বিস্ফোরক মামলায় জয়পুরহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ০৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জয়পুরহাট আমলি আদালত (সদর) এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই ০৮ নেতা হলেন- সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহরের শান্তিনগরের দশরথ ঠাকুরের ছেলে অশোক কুমার ঠাকুর, জেলার আওয়ামী সমর্থক ইউপি সদস্য ও সদর উপজেলার পুরানপৈল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে তারাকুল ইসলাম, একই উপজেলার দস্তপুর গ্রামের মোবারক আলীর ছেলে ফরিদ হোসেন, পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আঃ সবুর মন্ডলের ছেলে শাহানুর ইসলাম, সদরের কাদোয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন, একই উপজেলার পূর্ব পাইকর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে রেজাউল করিম, কেন্দুলী গ্রামের হোসেন চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী এবং একই উপজেলার কড়ই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল জব্বার ফরহাদ।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা জুলাই বিপ্লবে সংগঠিত বিস্ফোরক মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। অদ্য দুপুরে তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বলেন, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পড়ুন : পাবনা বেড়া উপজেলায় মজুদকৃত বিপুল পরিমানের ডিজেল জব্দ


