বিমান মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার ওপর যে আস্থা রেখে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও আদর্শের সঙ্গে পালন করতে চান।
শনিবার সকালে, মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় মানিকগঞ্জ জাদুঘরে আয়োজিত ‘বিনা মূল্যে চক্ষু শিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিমান মন্ত্রণালয়ে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। আমি এমন একটি পরিবর্তন দেখতে চাই, যাতে মানুষ বলতে পারে- এখন বিমান মন্ত্রণালয় ঠিকভাবে চলছে। তখনই মনে করব, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি।
তিনি আরও জানান, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই তার প্রধান লক্ষ্য এবং সে লক্ষ্য অর্জনে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের-আকিজ ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব নাইম আহমেদ খান, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত এই চক্ষু শিবিরে স্থানীয় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান
ইমি/


