সারাদেশে একযোগে শুরু হলো বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। এর অংশ হিসেবে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে তরুণ ক্রীড়াবিদদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়াই পারে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, সহনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার চেতনায় গড়ে তুলতে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সেই লক্ষ্যেই দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
রঙিন আয়োজন, কুচকাওয়াজ এবং খেলোয়াড়দের শপথ গ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসবে—যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।
জামালপুরে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষও। তাদের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হলে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পড়ুন : সারা দেশের ন্যায় শেরপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন


