তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নেয়ার ভাবনায় রয়েছে তরুণরা। তাই তরুণদের সুস্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরিতে খেলাধুলাকে তিনি দিচ্ছেন বিশেষ প্রাধান্য। শনিবার (২ মে) বিকাল ৫টার দিকে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী স্পোর্টসে অংশগ্রহণকারী খেলোয়ারদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আগামীর সম্ভাবনাময় ক্রীড়া সৈনিকদের খুঁজে বের করাই সরকারের প্রধান উদ্দেশ্য। যারা পরবর্তীতে ক্রীড়াঙ্গনে দেশের সম্মানকে তুলে ধরবে বহির্বিশ্বে।
অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ- ৪ সদর আসনের সংসদ সদস্য মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম মাহাবুবুল আলম, ক্রীড়া সংগঠক মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন প্রমূখ।
প্রসঙ্গত, নতুন কুড়ি স্পোর্টসের এই প্রতিযোগিতায় জেলার মোট ১২টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের মোট ২৬টি দল ৮টি ইভেন্টে প্রায় দুই শতাধিক খেলোয়ার অংশগ্রহণ করবে।
পড়ুন : তরুণদের উচ্ছ্বাসে জমকালো সূচনা: জামালপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন


