বাজার সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কেউ যেন ইচ্ছেমতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, মজুদদারির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে এবং কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে—এ জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করতে হবে।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকদের জনমুখী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বিলম্বের শিকার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
কৃষকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় এবং সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য হয় তা নিশ্চিত করতে হবে। তিনি কৃষিকে কেবল উৎপাদন নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রধান নিয়ামক হিসেবে বিবেচনার কথা বলেন।
জ্বালানি সংকট মোকাবিলায় নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর বিভিন্ন মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহার না হয়, সে বিষয়ে জেলা প্রশাসকদের নজর রাখতে হবে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট কার্যক্রম আরও কার্যকর ও নিয়মিত করার নির্দেশ দেন তিনি।
পড়ুন: জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী


