নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও বিদ্যালয়ে উপস্থিত নেই এক শিক্ষক। এ ঘটনায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ছয় জন শিক্ষক কর্মরত রয়েছেন। সোমবার সকালে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী হঠাৎ বিদ্যালয়টিতে পরিদর্শনে যান। তিনি সরাসরি শিক্ষকদের হাজিরা খাতা তলব করেন।
এ সময় দেখা যায়- বিদ্যালয়ের ছয় জন শিক্ষকের মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে পাঁচ জনের। তবে বিদ্যালয়ে সশরীরে উপস্থিত রয়েছেন চান জন শিক্ষক। খোঁজ নিয়ে জানা যায়, একজন শিক্ষক আগে থেকেই নিয়মিত ছুটিতে রয়েছেন।
তবে শিক্ষক হেলেনা আক্তার সকালে হাজিরা খাতায় নিজের স্বাক্ষর করলেও বিদ্যালয় চত্বর বা শ্রেণিকক্ষে তাকে পাওয়া যায়নি। তিনি স্বাক্ষর করেই কর্মস্থল থেকে উধাও হয়ে যান।
শিক্ষকের এমন ফাঁকিবাজি হাতেনাতে ধরে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সেখানে মন্তব্যের ঘরে তিনি সুস্পষ্টভাবে লিখে দেন, “শিক্ষক হেলেনা আক্তার হাজিরা বইয়ে স্বাক্ষর করেও বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।”
শিক্ষকতার মতো মহান পেশায় এমন দায়িত্বহীন আচরণ দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এমপি হিলালী। উপস্থিত শিক্ষক ও স্থানীয়দের সামনে তিনি বলেন, “বর্তমান সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে গভীরভাবে ভাবছে। জাতীয় সংসদেও এ বিষয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষকরা যেন দুশ্চিন্তামুক্ত হয়ে শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠদান করতে পারেন। বাস্তবে মাঠপর্যায়ে এসে যদি এমন অনিয়ম ও ফাঁকিবাজি দেখা যায়, তবে তা অত্যন্ত হতাশাজনক।”
কর্তব্যে অবহেলার বিষয়ে কড়া বার্তা দিয়ে তিনি দেশের শীর্ষ নির্বাহীর উদাহরণ টেনে বলেন, “দেশের প্রধানমন্ত্রী যদি সকাল ৯টায় নিজের দপ্তরে উপস্থিত হয়ে নিয়ম মেনে অফিস করতে পারেন, তবে শিক্ষকরা কেন সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবেন না?”
পরিশেষে, তৃণমূল পর্যায়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মকর্তাকে নিজ নিজ জায়গা থেকে আরও দায়িত্বশীল হওয়ার কঠোর আহ্বান জানান এই আইনপ্রণেতা। একইসঙ্গে এ ধরনের অনিয়ম রোধে মনিটরিং বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
পড়ুন:ময়মনসিংহে হামে আক্রান্তে ১শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২মোট মৃত্যু ২৪
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


