হিমালয়ের দেশ নেপালে বর্তমানে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর শুটিং চলছে। গত কয়েক দিন ধরে দেশটির বিভিন্ন লোকেশনে কাবিলা, হাবু, পাশা, নেহাল ও আরেফিনসহ জনপ্রিয় সব চরিত্রের অভিনয়শিল্পীরা এই শুটিংয়ে অংশ নিচ্ছেন।
পরিচালক অমি জানান, এবারের সিজনের চ্যাপ্টার ১২-এর বিশেষ কিছু দৃশ্য নেপালে চিত্রায়িত হচ্ছে। শুটিংয়ে এই ‘গ্যাং’-এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। দীর্ঘ পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে আগে সেখানে শুটিং করা সম্ভব হয়নি।
তবে এবার টানা ১০ দিনের জন্য পুরো টিম নেপালে অবস্থান করছে।নির্মাণের পাশাপাশি এবারই প্রথম ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রযোজনা করছেন কাজল আরেফিন অমি। নেপাল থেকে তিনি বলেন, “যেহেতু এবার আমি নিজেই প্রযোজনা করছি, তাই শুধু ব্যবসায়িক লাভের কথা ভাবছি না।
গল্পের আবেগের জায়গা থেকে খরচ চিন্তা না করে সবাইকে নিয়ে নেপালে এসেছি।” তিনি আরও জানান, দর্শকদের আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজের অভিজ্ঞতা দিতে প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ধারণের চেষ্টা চলছে।শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মূল অভিনয়শিল্পীদের একসঙ্গে ফ্রেমে দেখে নস্টালজিক হয়ে পড়ার কথা উল্লেখ করেন অমি। তিনি জানান, দর্শকরাও তাঁদের এই দলটিকে একসঙ্গে দেখে আবেগঘনভাবে যুক্ত হন। ভবিষ্যতে গল্পের প্রয়োজনে দেশের বাইরে অন্য জায়গাতেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ চ্যানেল আইটিভি, বুম ফিল্ম ও বঙ্গ—এই তিন প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব ও পাভেল। নতুন করে এই সিজনে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া ও জায়েফ।
পড়ুন:বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ক্যামেরন ওয়াকার গ্রেপ্তার
দেখুন:মাশরুম চাষ পাল্টে দিয়েছে সফি উল্যার জীবন
ইমি/


