বিজ্ঞাপন

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, একই পরিবারের ৪ জন আহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমিনা (১৯) ওই এলাকার সুজা মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সুমিনা তার বাবার বাড়িতে ফিরে আসেন। বিকেলে ঘরে আসবাবপত্র তোলার সময় একটি স্টিলের বাক্স বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন তার মা শিখা বেগম (৪৫), চাচা নূরুল ইসলাম (৫০), ভাতিজি কনিকা (১৫) ও চাচি জহুরা (৪০)। পরে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে সুমিনার বিয়ে হয় পাশের ইউনিয়নের এক ব্যক্তির সঙ্গে। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে ও একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছিল। ঘটনার দিন দুপুরে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস বলেন, “আসবাবপত্র ঘরে তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগে স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়।”

জামালপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, “ঘটনাটি দুর্ঘটনাজনিত। লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে দাদা-দাদীর কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন