কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলাচলকারী আন্তঃনগর ট্রেন এগারসিন্ধুর প্রভাতি ও এগারসিন্ধুর গোধূলী—এই দুই ট্রেনের ভৈরবের জন্য বরাদ্দ ৪০টি শোভন শ্রেণির আসন গত ৩ মে থেকে বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন নিয়মিত যাত্রীরা।
জানা গেছে, প্রতিদিন ভৈরব থেকে ঢাকা ও কিশোরগঞ্জ রুটে যাতায়াতকারী বিপুল সংখ্যক যাত্রী এই দুই ট্রেনের ওপর নির্ভরশীল। বিশেষ করে কম ভাড়ার শোভন শ্রেণির আসন সাধারণ যাত্রীদের জন্য সবচেয়ে সহজলভ্য হওয়ায় হঠাৎ করে এই আসন বাতিলের সিদ্ধান্তে টিকিট সংকট তীব্র আকার ধারণ করেছে।
ফলে অনেক যাত্রী বাধ্য হয়ে দাঁড়িয়ে যাতায়াত করছেন, আবার কেউ কেউ বেশি ভাড়া দিয়ে অন্য শ্রেণির টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ।
ভুক্তভোগী যাত্রীরা জানান, আগে ভৈরব থেকে সহজেই শোভন শ্রেণির টিকিট পাওয়া গেলেও এখন তা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে করে প্রতিদিনের যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ বলেন, “এগারসিন্ধুর প্রভাতি ও গোধূলী ট্রেনের বগি (কোচ) ঠিক করার জন্য সাময়িকভাবে এই সমস্যা তৈরি হয়েছে। বগি মেরামত সম্পন্ন হলে পুনরায় ভৈরবের জন্য টিকিট বরাদ্দ দেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, ভৈরব একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় দ্রুত সমস্যার সমাধান করে পূর্বের মতো আসন বরাদ্দ চালু করা প্রয়োজন।
সাময়িক কারণে আসন বাতিল করা হলেও দ্রুত ব্যবস্থা না নিলে ভৈরবের হাজারো যাত্রীর ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পড়ুন- কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী


