বিজ্ঞাপন

মাধবদীতে সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবিতে চালকদের মানববন্ধন ও বিক্ষোভ

নরসিংদীতে মাধবদী পৌরসভার প্রধান সড়কগুলো এখন খানাখন্দে একাকার। জনদুর্ভোগ চরম সীমায় পৌঁছে সড়কগুলো যেন এখন স্থানীয়দের কাছে এক ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। এই অসহনীয় জনদুর্ভোগ থেকে মুক্তি ও দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় অটো ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

বিজ্ঞাপন

বুধবার (০৬ মে) দুপুরে শহরের গরুরহাট ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় জলাবদ্ধ ও ভাঙাচোরা সড়কের ওপর দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চালক ও স্থানীয় ভুক্তভোগী মানুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মাধবদী পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষুব্ধ চালকদের দাবি, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত রিকশা ও অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে। এতে যেমন জানমালের ক্ষতি হচ্ছে, তেমনি রোগীদের হাসপাতালে নিতে বা জরুরি প্রয়োজনে যাতায়াত করতে কয়েক গুণ বেশি সময় লাগছে। তাঁরা অবিলম্বে সড়কগুলো চলাচলের উপযোগী করার জোর দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া রবিউল, হানিফা ও মনির হোসেনসহ আরও অনেকে বলেন, “রাস্তা না, এ যেন মরণফাঁদ। নরসিংদী শহর ও আড়াইহাজার যাতায়াতের এই পথে প্রতিদিন গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে, গাড়ি উল্টে মানুষ আহত হচ্ছে। অথচ দেখার যেন কেউ নেই। আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।”

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে আনন্দী, আটপাইকা, ফায়ার সার্ভিস সড়ক, কোতয়ালীচর ও মেন্ডাতলা সড়কসহ এ শহরের অধিকাংশ সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। সড়কগুলোতে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা এলেই চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় সড়কের কংক্রিট, বিটুমিন ও পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জনগণের দুর্ভোগের বিষয়টি তাঁরা অবগত আছেন। তিনি জানান, শহরের প্রায় ৩০টি সংযোগ সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার (দরপত্র) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাঝে প্রধান সড়কগুলো বিশ্বব্যাংকের প্রজেক্টের আওতায় সংস্কার করা হবে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, চলতি মাসেই ফায়ার সার্ভিস সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

পড়ুন- ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন