ইউক্রেন যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় অবৈধভাবে মানবপাচারের অভিযোগে বাংলাদেশি মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার।
যুক্তরাজ্যের ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্রাফিকিং স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটিশ সরকার।
নিষেধাজ্ঞার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির মালিকের যুক্তরাজ্যে থাকা সব ধরনের সম্পদ জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে।
তদন্তে জানা গেছে, ড্রিম হোম ট্রাভেলস রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করত। এসব প্রলোভনে পড়ে অনেক বাংলাদেশি নাগরিক রাশিয়ায় গেলেও সেখানে পৌঁছানোর পর বাস্তবতা ভিন্ন ছিল। অভিযোগ রয়েছে, তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হতো।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে যারা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলমান রয়েছে। এ যুদ্ধে অভিবাসীদের জড়িত করার অভিযোগ আন্তর্জাতিক মহলে আগে থেকেই আলোচিত ছিল। সর্বশেষ এই নিষেধাজ্ঞা সেই অভিযোগকে আরও জোরালো করেছে।
পড়ুন: ১৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
আর/


