সিরাজগঞ্জের সলঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উল্লাপাড়া উপজেলার গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সলঙ্গা থানার একটি বিশেষ দল জানতে পারে, হাটিকুমরুল গোলচত্বর এলাকার চড়িয়া মধ্যপাড়ার বাকিরুলের বাড়িতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা চুরি শেষে অবস্থান করছে। পরে বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও ২ থেকে ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ওসি আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : কালাইয়ে রেজিস্ট্রেশন নিয়ে স্কুলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ


