চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গোলাগুলির ঘটনায় রাজু (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার (১১) নামের এক শিশু।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাসায় বেড়াতে এসে এ হামলার শিকার হন।
গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

