হজযাত্রীদের সাবলীল সেবা দিতে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতি গ্রহণ এবং হজের সব বিধিবিধান পালনের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশিদের দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
শুক্রবার (৮ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, শুধু হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এ ছাড়া সৌদিতে অবতরণের পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অনুমোদিত পদ্ধতিতে দাপ্তরিক মাধ্যমে অনুমতিপত্র গ্রহণ করতে হবে।
মন্ত্রণালয় বলছে, অনুমতির শর্ত প্রতিপালনের মাধ্যমে পবিত্র স্থানগুলোর সব ধরনের সেবা প্রাপ্তি এবং সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ ও চলাচলের শৃঙ্খলা রক্ষা করে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি ব্যাখ্যা দিয়েছে। অননুমোদিত মাধ্যম বা মিথ্যা প্রলোভনে হজের অনুমতিপত্র বা ভিসা প্রক্রিয়াকরণের বিষয়েও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।
পড়ুন: আল জাজিরার প্রতিবেদন: বিশ্ব তেল সংকটে বিপাকে আসিয়ানভুক্ত দেশ


