নারায়ণগঞ্জে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ টহল চলাকালে নৌ পুলিশের একটি টহল নৌযান দুর্ঘটনার কবলে পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) রাত সাড়ে দশটায় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ ছালেহ আহমেদ পাঠান জানান, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেন সঙ্গীয় চার কনস্টেবলসহ ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ টহলে ছিলেন। এসময় একটি বাল্কহেডের সঙ্গে টহল নৌযানের সংঘর্ষ হলে নৌযানটি উল্টে যায়। পরে টহল টিমের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণ রক্ষা করেন।
দুর্ঘটনায় কনস্টেবল মোঃ মহসিন সরদার (৪৩) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশে সংযুক্ত ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পড়ুন- ঈদুল আজহা: আজ থেকে অনলাইন-কাউন্টারে বাসের আগাম টিকিট বিক্রি শুরু


