নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওয়ালি উল্লাহ (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে বন্দর থানাধীন দেওয়ানবাগ এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়ালি উল্লাহ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার কালিকাপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় পেছন দিক থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি স্বজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী ওয়ালি উল্লাহ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, তারা কেউ ঘাতক গাড়িটিকে দেখতে পাননি। সকাল ৮টার দিকে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে কাচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার সময় অটোরিকশার ভাঙা অংশ তার মাথায় ঢুকে যায়, এতেই তার মৃত্যু হয়েছে। তবে ওই অটোরিকশায় আর কাউকে দেখা যায়নি।
খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
কাচপুর হাইওয়ে পুলিশের এসআই আনজিল আহমেদ জানান, “ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
পড়ুন- ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি


