বিজ্ঞাপন

কদমতলীতে বৈদ্যুতিক ত্রুটির কারণে ফোম কারখানায় আগুন

রাজধানীর কদমতলীর একটি ফোম তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী অতিরিক্ত হিটে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কারখানার কর্মীদের বরাতে ফায়ার সার্ভিস বলছে, এই এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থাকায় বিদ্যুৎ কর্মীরা এসে সেই ত্রুটি সমাধান করেন। পরবর্তীতে বৈদ্যুতিক সংযোগ দিলে কারখানাটির ভেতরে থাকা সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

শুক্রবার (৮ মে) রাতে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এসব কথা বলেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা কাজী নজমুজ্জামান জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুনের সংবাদ পাওয়া মাত্রই কাঁচপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে আরও দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, দাউদাউ করে আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডস্থলটি প্রধান সড়ক থেকে প্রায় ৫০০ গজ ভেতরে হওয়ায় কাজ শুরু করতে কিছুটা বেগ পেতে হয়। তবে দ্রুততম সময়ে পুকুর থেকে একাধিক পাম্প স্থাপন করে চারপাশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়, যাতে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে না পারে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, পাশাপাশি দুটি আধা-পাকা ভবনে আগুন লেগেছিল। যার মধ্যে একটির আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও অন্যটির টিনের চাল পুড়ে যাওয়ায় সময় কিছুটা বেশি লাগে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি পরিত্যক্ত ফোম রিসাইকেল করে ম্যাট্রেস তৈরি করত। সেখানে ম্যাট্রেসের জন্য আমদানিকৃত কাপড় ও টায়ার জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্র কুণ্ডলী পাকিয়ে ওপরের দিকে উঠে যায়। তবে সঠিক পদ্ধতিতে চারপাশ থেকে ঘিরে ফেলায় আগুন পাশের কোনো আবাসিক ভবনে ছড়াতে পারেনি। আগুন নেভানোর সময় তীব্র তাপে একজন ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়; বর্তমানে তিনি সুস্থ আছেন।

এর আগে এদিন রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটে একটি ফোম কারখানায় আগুনের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। ৬টা ৪৩ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়ে কাজ শুরু করে। রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন