তৃণমূল পর্যায়ের ১২–১৪ বছর বয়সী শিশু-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া উপজেলা মহিলা ফুটবল দল।
শনিবার (৯ মে) সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে পটিয়া উপজেলা দল ৪-১ গোলে রাউজান উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় পটিয়া দলের হয়ে প্রথম গোল করেন তানজিনা আক্তার। পরে দুর্গা দাশের জোড়া গোলসহ মোট চার গোল করে দলটি জয় নিশ্চিত করে। নির্ধারিত সময়ের শেষ দিকে রাউজান একটি গোল শোধ করলেও ব্যবধান কমাতে পারেনি।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পটিয়ার তানজিনা আক্তার। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
টুর্নামেন্টে ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে ও সাঁতারসহ মোট ৮টি খেলায় ১২–১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেয়।
এদিকে পটিয়ার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মঈনুল আলম ছোটন।
চ্যাম্পিয়ন দল পরে পটিয়ার কৈয়গ্রামে এমপি এনামুল হক এনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহ দেন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিকে মাঠ সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সংসদ সদস্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর ফলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা ফুটবল দলের জন্য আলাদা অনুশীলনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পড়ুন : শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন


