নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর নালা থেকে জামিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রাম সংলগ্ন নালা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামিরুল বাট্টা উত্তর পাড়া (পাছ পাড়া) গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় আলাউদ্দিনের হাঁসের খামারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে তরুণ শ্রমিকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো হাঁসের খামারে খাবার দিতে যান জামিরুল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের দুই দিন পর আজ (রবিবার) সকালে বাট্টা গ্রামে আলহাজ্ব আতিকুর রহমান ভুইয়া একাডেমির পশ্চিম পাশের নালায় একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে জামিরুলের মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মো. মেহেদী মাকসুদ জানান, উদ্ধারকৃত মরদেহে প্রাথমিক অবস্থায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের বাবা শাহজাহান মিয়ার বরাত দিয়ে তিনি আরও জানান, জামিরুল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, কাজ শেষে ফেরার পথে মৃগী রোগের কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে নালার পানিতে পড়ে যান তিনি এবং সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কেন্দুয়া থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


