মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও আটকে রাখার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।
আজ মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এরফলে হবিগঞ্জ থেকে দেশের কোন স্থানের উদ্দেশ্য বাস ছেড়ে যায়নি। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন- গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ক্ষমতাবলে তার লোকজন শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটক করে রাখছে। দুইদিনে ৩৫/৪০টি গাড়ি আটক রয়েছে। এছাড়াও প্রায় ২শত শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছে। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মটর মালিক সমিতি গতকাল সোমরাতে এ সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জিএম সরফরাজ বলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসকের সাথে সকালে কথা হয়েছে। উনাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। তিনি ২ টার দিকে মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিকদের সাথে বসে সিদ্ধান্ত জানাবেন।
এদিকে, কোন ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসষ্ট্যান্ডে এসে যাত্রীরা জানতে পারছেন বাস চলাচল বন্ধ। ফলে যাত্রীরা সিএনজি যোগে শায়েস্তাগঞ্জ যাচ্ছেন। সেখান থেকে বাসে গন্তব্য যাচ্ছেন। আর এই সুযোগে সিএনজির চালকরা ভাড়া বেশী আদায় করছেন।
পড়ুন- কোরবানির পশুবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


